আদালতের কোনো রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল কিংবা অবরোধ আহ্বান করাকে অবৈধ ও সংবিধানবিরোধী ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ধরনের কর্মসূচি ডাকলে সংশ্লিষ্ট বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের বিরুদ্ধে আইনগত ও ফৌজদারি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালত এ বিষয়ে জারি করা রুল মঞ্জুর করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট সঞ্জয় মন্ডল ও অ্যাডভোকেট রিপন বাড়ৈ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আহসান হাবীব। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসিবুল হক এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. রাফিউল ইসলাম।
মামলার পটভূমিতে জানা যায়, ২০১১ সালের আগস্টে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ডিলাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় বাসচালকের বিরুদ্ধে মামলা হয়। পরে ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত বাসচালককে সাজা দেন।
ওই সাজার পর বাস মালিকদের পক্ষ থেকে পরিবহন ধর্মঘট ও হরতাল আহ্বানের খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) হাইকোর্টে রিট আবেদন করে।
রিটের শুনানি শেষে ২০১৭ সালের ১ মার্চ আদালত রুল জারি করেন। আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে ধর্মঘট কিংবা হরতাল আহ্বান কেন বেআইনি ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়।
রোববার সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত তা মঞ্জুর করে রায় দেন।
রায়ের বিষয়ে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল কিংবা ধর্মঘট আহ্বান করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত এবং ফৌজদারি আইনে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র সচিব, বিআরটিএ ও বিআরটিসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আদালত তার পর্যবেক্ষণে বলেন, সংবিধানের ১১২ অনুচ্ছেদ অনুযায়ী আদালতের রায় সবার জন্য বাধ্যতামূলক। আদালতের কোনো রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে। তবে রায়ের বিরুদ্ধে হরতাল বা ধর্মঘট আহ্বান করা অবৈধ এবং সংবিধানপরিপন্থি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









