বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি দাবি করেছেন, ওই পদে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা পুতুলের ছিল না। একই সঙ্গে তার নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি ছিল এবং সেখান থেকে দুর্নীতির গন্ধ পাওয়া গেছে বলেও মন্তব্য করেন তিনি।
রবিবার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় ডব্লিউএইচওর পরবর্তী নিয়োগে মালদ্বীপের প্রার্থীকে বাংলাদেশ সমর্থন করবে বলেও জানান তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে প্রধানমন্ত্রী রওনা হবেন বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর এ সফরে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারগুলো তুলে ধরা হবে। সফরকালে বিশ্ব নেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন মিটিং অনুষ্ঠিত হবে।
এসব বৈঠকে বাংলাদেশের ভিশন তুলে ধরার পাশাপাশি দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।
ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঢাকা ভারতের সঙ্গে একটি নতুন ও কার্যকর সম্পর্ক গড়ে তুলতে চায়।
সীমান্ত হত্যা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ এবং এ-সংক্রান্ত জটিলতার সমাধান কূটনৈতিক চ্যানেলে আলোচনার মাধ্যমেই করা হবে।
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বিশেষ সাইডলাইন মিটিং আয়োজনের কথা জানান হুমায়ুন কবির।
তিনি বলেন, বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকগুলোতে রোহিঙ্গা ইস্যুটি বিশেষ গুরুত্ব পাবে।
বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার করা অর্থ ফেরত আনতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়ার প্রক্রিয়াও চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









