মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন অফিস ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে রাজস্ব খাতে কর্মরত সব পর্যায়ের নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীকে (শিক্ষক ছাড়া) ১৫ কর্মদিবসের মধ্যে অনলাইনে পূর্ণাঙ্গ তথ্য আপলোড করে পিডিএস (পার্সোনাল ডাটা শিট) হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) মাউশির সাধারণ প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়েছে, অনলাইনে সংরক্ষিত তথ্য এবং পিডিএসে থাকা তথ্যের ভিত্তিতে নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের জ্যেষ্ঠতার একটি ডাটাবেজ তৈরির কাজ চলছে। এ কারণে সংশ্লিষ্টদের তথ্য নির্ভুলভাবে হালনাগাদ করা প্রয়োজন।
এতে আরও উল্লেখ করা হয়, নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণাঙ্গ তথ্য অনলাইনে আপলোড এবং পিডিএসসহ সংশ্লিষ্ট তথ্য হালনাগাদের জন্য এর আগেও নির্দেশনা দেওয়া হয়েছিল। এ বিষয়ে ২০২০ সালের ২ জুলাই এবং ২০২৫ সালের ২২ এপ্রিল পৃথক নির্দেশনা জারি করে মাউশি।
তবে আগের নির্দেশনার পরও তথ্য হালনাগাদের কাজ সম্পন্ন না হওয়ায় এবার বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
মাউশি ও এর অধীন অফিস এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে রাজস্ব খাতে কর্মরত নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত ১৫ কর্মদিবসের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য আপলোড করে পিডিএস ও সংশ্লিষ্ট তথ্য হালনাগাদ করতে বলা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









