রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক দিদারুল আলম শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন রাত ৯টার দিকে রাকিবুল হাসানকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের একাধিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, রাষ্ট্রদ্রোহের এ মামলায় রাকিবুলের বিরুদ্ধে ২৪-এর ক ধারায় অভিযোগ আনা হয়েছে। এর আগে তাকে এ মামলায় গ্রেপ্তার করে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে এর আগে রাকিবুল হাসানকে ডিবি হেফাজতে নেওয়া হয়। ওই অডিওতে সরকার, পুলিশসহ বিভিন্ন বাহিনী নিয়ে বক্তব্য শোনা যায়।
তবে অডিওটি নিজের নয় বলে দাবি করেছেন রাকিবুল। তার ভাষ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অডিওটি তৈরি করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









