অসুস্থ অভিনেতা ও কবি রিফাত চৌধুরীর চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। যুক্তরাষ্ট্রে অবস্থান করেও সহকর্মীর অসুস্থতার খবর পেয়ে তার পাশে দাঁড়িয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রিফাত চৌধুরীকে আর্থিক সহযোগিতা করেন জায়েদ খান।
এ বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ‘‘শিল্পীর পাশে শিল্পী থাকবে, এটাই স্বাভাবিক। সেই জায়গা থেকেই সাধ্যমতো রিফাত ভাইয়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।’’
একই সঙ্গে অন্যদেরও এই গুণী অভিনেতা ও কবির চিকিৎসায় সহযোগিতার আহ্বান জানিয়েছেন জায়েদ খান। তিনি রিফাতের দ্রুত সুস্থতাও কামনা করেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রিফাত চৌধুরীর অসুস্থতার খবর জানিয়ে তার পাশে দাঁড়ানোর আবেদন করেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি জানান, আর্থিক সংকটের কারণে রিফাতের যথাযথ চিকিৎসা করানো কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে পরিচিতজন, সহকর্মী, ভক্ত ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর কাছে সহযোগিতা চান তিনি।
রিফাতের চিকিৎসায় ইতোমধ্যে আর্থিক সহায়তা দিয়েছে অভিনয় শিল্পী সংঘ। এবার চঞ্চল চৌধুরীর আহ্বানে সাড়া দিয়ে ব্যক্তিগতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন জায়েদ খান।
জানা গেছে, পা ও কোমরের সমস্যায় ভুগছেন রিফাত চৌধুরী। অসুস্থতার কারণে ঠিকমতো হাঁটাচলাও করতে পারছেন না তিনি। গত ১৪ সেপ্টেম্বর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রথম দিকে হাসপাতালের মেঝেতে থাকতে হলেও পরে একটি শয্যা পান তিনি। সংবাদমাধ্যমে তার অসুস্থতার খবর প্রকাশের পর তাকে কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









