ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও দৈনিক অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মহাখালীতে অবস্থিত বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির কার্যালয় থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) মো. আখতার হোসেন।
তিনি জানান, একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে এসেছে। বর্তমানে তার সঙ্গে কথা বলা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।
তবে তাকে আটক বা গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, আপাতত তার সঙ্গে কথা বলছে ডিবি পুলিশ।
কী কারণে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এ ছাড়া কোনো নির্দিষ্ট মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে কি না, সে বিষয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, ইকবাল সোবহান চৌধুরী দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









