ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় কার্যকরের বাইরে আপাতত অন্য কোনো আইনি বিকল্প নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর ২১ ধারার ৩ উপধারা অনুযায়ী রায় প্রকাশের ৩০ দিন অতিবাহিত হলে আপিলের সুযোগ থাকে না। এটি আইনের বাধ্যতামূলক বিধান। শেখ হাসিনা বিচারিক কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশে আসেননি এবং রায় ঘোষণার পর নির্ধারিত সময়ের মধ্যেও আপিল করেননি। ফলে আইন অনুযায়ী তার আপিলের সুযোগ শেষ হয়েছে। আপিল বিভাগে আপিল গ্রহণ না হলে সংবিধানের ১০৪ অনুচ্ছেদের অধীনেও কোনো আবেদন করার সুযোগ থাকবে না বলে মন্তব্য করেন তিনি।
মৃত্যুদণ্ড কার্যকরের আগে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন কি না, এমন আলোচনার বিষয়ে আমিনুল ইসলাম বলেন, সাধারণ হত্যা মামলায় দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ মৃত্যুদণ্ড দিলে তা কার্যকরের আগে হাইকোর্টের অনুমোদন নিতে হয়। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ক্ষেত্রে এমন বিধান নেই। কারণ, এ ট্রাইব্যুনালের বিচারিক বেঞ্চে থাকা তিন বিচারকের প্রত্যেকেই হাইকোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতাসম্পন্ন অথবা হাইকোর্টের বিচারপতি। তাই ট্রাইব্যুনালকে হাইকোর্টের সমমর্যাদাসম্পন্ন হিসেবে বিবেচনা করা হয়।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিলের বিধান নেই। সরাসরি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে হয়। তাই সাধারণ ফৌজদারি মামলার মৃত্যুদণ্ড কার্যকরের নিয়মের সঙ্গে ট্রাইব্যুনালের মামলাকে এক করে দেখার সুযোগ নেই।
লিমিটেশন অ্যাক্টের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি বিশেষ আইনের অধীনে পরিচালিত হয়। এ ক্ষেত্রে লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য নয়। ওই আইনের ২৯ ধারার ২ উপধারায় বিশেষ আইনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনের নিজস্ব বিধান অনুসরণের কথা বলা হয়েছে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে ফিরে মামলা মোকাবিলার ইচ্ছা থাকলে রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে বাংলাদেশে এসে আপিল করতে পারতেন। এখন তিনি দেশে ফিরতে চাইলে ভারত সরকারকে লিখিতভাবে জানাতে হবে। তবে এ ধরনের কোনো উদ্যোগের কথা তাদের জানা নেই। শেখ হাসিনাকে বাংলাদেশে পাওয়া গেলে তখন তার আইনগত সুযোগ ও সংশ্লিষ্ট প্রক্রিয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
এদিকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আজাদের আপিলের প্রসঙ্গ টেনে আমিনুল ইসলাম বলেন, তার বিষয়টি ভিন্ন। তিনি নির্ধারিত সময়ের পরে আপিল করেছিলেন, যা আইন অনুযায়ী গ্রহণযোগ্য নয়। তবে বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় এ নিয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









