রেল ভ্রমণ নিরাপদ করতে ঈদুল আজহা উপলক্ষে প্রতিটি ট্রেনে নারীদের জন্য আলাদা একটি বগি বরাদ্দের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১২ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন। পরে তিনি জানান, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ধারা অনুযায়ী প্রতিটি ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা থাকার বিধান রয়েছে।
৫০ মাইলের বেশি যাত্রার ক্ষেত্রে ওই কামরার সঙ্গে সংযুক্ত শৌচাগারের ব্যবস্থাও থাকার কথা। একই আইনের ১১৯ ধারায় অনুমতি ছাড়া ওই কামরায় প্রবেশ করলে জরিমানার বিধান রয়েছে।
তিনি আরও জানান, এসব বিধান বাস্তবায়ন না হওয়ায় ২০২১ সালে আইনজীবী মমতাজ পারভীন রিট করেন। ওই রিটের পর ১০ মার্চ হাইকোর্ট রুল জারি করে জানতে চান—আইনের বিধান অনুযায়ী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য পৃথক কামরা বরাদ্দ কেনো হবে না।
তিনি বলেন, ট্রেন ভ্রমণ তুলনামূলক আরামদায়ক হলেও একা নারী যাত্রীদের জন্য ভিড়ের মধ্যে ট্রেনে ওঠা এবং কামরার ভেতরে গিয়ে আসনে বসা অনেক সময় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়।
তিনি আরও জানান, বিশেষ করে রাতের ভ্রমণে অনেক নারী নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকেন। আলাদা কামরার ব্যবস্থা চালু হলে নারী যাত্রীরা আরও নিশ্চিন্তে ভ্রমণ করতে পারবেন এবং তাদের নিরাপত্তাজনিত ঝুঁকিও কমবে। পাশাপাশি দীর্ঘ ভ্রমণের সময় প্রয়োজন হলে তারা স্বাচ্ছন্দ্যে নামাজ আদায়ও করতে পারবেন বলে মত দেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









