বাঙালির খাবারের তালিকায় মুরগির মাংসের নানা পদ বেশ জনপ্রিয়। তবে আলু দিয়ে ঝাল ঝাল মুরগির কারির স্বাদ অনেকের কাছেই বিশেষ পছন্দের। ঘরোয়া উপকরণে খুব সহজেই তৈরি করা যায় এই সুস্বাদু পদ। ভাত, পোলাও কিংবা রুটির সঙ্গে এটি হতে পারে দারুণ এক খাবার।
উপকরণ
মুরগির মাংস : ১ কেজি
আলু : ২টি (বড় টুকরো করে কাটা)
পেঁয়াজ কুচি : ১/২ কাপ
আদা বাটা : ১ টেবিল চামচ
রসুন বাটা : ১ টেবিল চামচ
হলুদ গুঁড়ো : ১ চা চামচ
মরিচ গুঁড়ো : ১ চা চামচ
জিরা গুঁড়ো : ১ চা চামচ
গরম মসলা গুঁড়ো : ১/২ চা চামচ
লবণ : স্বাদমতো
তেল : পরিমাণমতো
পানি : প্রয়োজনমতো
প্রস্তুত প্রণালি
প্রথমে কড়াইতে পরিমাণমতো তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এরপর এতে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো ও লবণ দিয়ে সামান্য পানি যোগ করে ভালোভাবে কষিয়ে নিতে হবে।
মসলা ভালোভাবে কষানো হয়ে তেল ছেড়ে দিলে তাতে মুরগির মাংস ও আলুর টুকরো দিয়ে দিতে হবে। মাঝারি আঁচে ১০ থেকে ১৫ মিনিট মাংস ও আলু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এতে মসলা মাংসের সঙ্গে ভালোভাবে মিশে যাবে এবং স্বাদ আরও বাড়বে।
এরপর ঝোলের প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে কড়াই ঢেকে মাঝারি আঁচে রান্না করতে হবে। মাংস ও আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এবং ঝোল কিছুটা ঘন ও মাখা মাখা হয়ে এলে ওপর থেকে গরম মসলা গুঁড়ো ছড়িয়ে দিতে হবে।
কিছুক্ষণ ঢেকে রেখে চুলা বন্ধ করে দিন। তৈরি হয়ে যাবে সুস্বাদু ঝাল ঝাল আলু-মুরগির কারি। গরম ভাত, পোলাও কিংবা রুটির সঙ্গে পরিবেশন করা যায় এই ঘরোয়া স্বাদের মজাদার পদ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









