মানবসভ্যতার ইতিহাসে ১ আগস্ট একটি তাৎপর্যপূর্ণ দিন। ১৮৩৪ সালের এই দিনে ব্রিটিশ উপনিবেশগুলোতে আনুষ্ঠানিকভাবে দাসপ্রথা বিলোপ কার্যকর হয়। ব্রিটিশ পার্লামেন্টে পাস হওয়া Slavery Abolition Act 1833 -এর আওতায় এদিন থেকে ব্রিটিশ সাম্রাজ্যের অধীন ক্যারিবীয় অঞ্চল, দক্ষিণ আফ্রিকা ও কানাডার বিভিন্ন উপনিবেশে লাখো মানুষ আইনিভাবে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি লাভ করে।
অষ্টাদশ শতাব্দীর শেষভাগ থেকেই ব্রিটেনে দাসপ্রথার বিরুদ্ধে জনমত গড়ে ওঠে। উইলিয়াম উইলবারফোর্স এবং থমাস ক্লার্কসনের মতো সমাজসংস্কারক ও রাজনীতিবিদদের দীর্ঘ আন্দোলন এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি ১৮৩১ সালে জামাইকায় সংঘটিত ব্যাপ্টিস্ট ওয়ার বা ক্রিসমাস বিদ্রোহ ব্রিটিশ সরকারকে দাসপ্রথা টিকিয়ে রাখার অমানবিক ও অকার্যকর বাস্তবতা উপলব্ধি করতে বাধ্য করে। শিল্প বিপ্লব-পরবর্তী সময়ে মুক্ত শ্রমবাজারের চাহিদাও দাসপ্রথা বিলোপের পক্ষে ভূমিকা রাখে।
১৮৩৩ সালের আগস্টে ব্রিটিশ পার্লামেন্টে দাসত্ব বিলোপ আইন পাস হলেও এটি কার্যকর হয় ১৮৩৪ সালের ১ আগস্ট থেকে। তবে আইনটির বাস্তবায়ন ছিল ধাপে ধাপে। ছয় বছরের কম বয়সী শিশুরা তাৎক্ষণিকভাবে মুক্তি পেলেও প্রাপ্তবয়স্ক দাসদের জন্য ‘শিক্ষানবিশ কাল’ নামে একটি বাধ্যতামূলক ব্যবস্থা চালু করা হয়। এর ফলে মুক্তির পরও তাদের চার থেকে ছয় বছর স্বল্প মজুরি বা বিনা পারিশ্রমিকে কাজ করতে বাধ্য করা হতো। কৃষিশ্রমিকদের ক্ষেত্রে এই সময়সীমা ছিল ১৮৪০ সাল পর্যন্ত।
আইন কার্যকর হওয়ার সময় ব্রিটিশ সরকার বাগান মালিকদের সম্ভাব্য আর্থিক ক্ষতি পূরণে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দেয়, যা ব্রিটিশ করদাতাদের অর্থ থেকে পরিশোধ করা হয়। কিন্তু দীর্ঘদিনের নিপীড়নের শিকার মুক্তিপ্রাপ্ত দাসরা কোনো ধরনের আর্থিক ক্ষতিপূরণ পাননি।
সব সীমাবদ্ধতা সত্ত্বেও ১৮৩৪ সালের ১ আগস্টের এই ঘোষণা দাসপ্রথার প্রাতিষ্ঠানিক বৈধতার অবসান ঘটায় এবং বিশ্বজুড়ে মানবাধিকার ও স্বাধীনতার আন্দোলনে নতুন গতি সঞ্চার করে। পরবর্তীতে বিশ্বের বিভিন্ন দেশ ও উপনিবেশে দাসপ্রথা নিষিদ্ধ করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে ওঠে। মানবমুক্তির এই ঐতিহাসিক অধ্যায় আজও সাম্য, স্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষে মানুষের দীর্ঘ সংগ্রামের অনুপ্রেরণা হিসেবে স্মরণীয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









