ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ‘হেলসিঙ্কি ফেস্টিভাল ২০২৬’। ১৮ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই বড় সাংস্কৃতিক উৎসব। এটি নর্ডিক দেশগুলোর সবচেয়ে বড় বহু-শিল্প উৎসবগুলোর একটি।
উৎসবে থাকছে গান, ধ্রুপদি সঙ্গীত, নাচ, নাটক, সার্কাস ও নানা ধরনের শিল্প অনুষ্ঠান। হেলসিঙ্কির বিভিন্ন স্থানে এসব অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। সঙ্গীতের বড় আকর্ষণগুলোর মধ্যে রয়েছে রুফাস ওয়েইনরাইটের ‘ড্রিম রিকুয়েম’এবং চেক ফিলহারমনিকের পরিবেশনা। বিখ্যাত শিল্পী কেটি মেলুয়া ও কারমিনহোও উৎসবে গান করবেন।

এবারের উৎসবে তাইওয়ানের ‘ক্লাউড গেইট ড্যান্স থিয়েটার’-এর ‘১৩ টাংগ’ নৃত্য পরিবেশনাও দর্শকদের আকর্ষণ করবে। অনুষ্ঠানটি ২৭ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
হেলসিঙ্কি ফেস্টিভ্যালের একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট হচ্ছে ‘পোয়েট্রি মুন’। বর্তমানে পোয়েট্রি মুন নর্ডিক অঞ্চলের অন্যতম বড় কবিতা উৎসব হিসেবে পরিচিত।

পোয়েট্রি মুন ২০২৬-এ বিশ্বজুড়ে কবিতার মিলনমেলা
ভাষা আলাদা, দেশ আলাদা, অভিজ্ঞতাও আলাদা। কিন্তু কবিতা যেন সেই সব দূরত্বের ওপর তৈরি করে একটি সেতু। ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে প্রতি আগস্টে সেই সেতুতেই মিলিত হন কবি, লেখক, শিল্পী ও পাঠকেরা। নাম তার পোয়েট্রি মুন। পাঁচ দিনের এই আন্তর্জাতিক সাহিত্য উৎসব ২০২৬ সালে আবারও নিয়ে আসছে ফিনল্যান্ড ও বিশ্বের নানা প্রান্তের কবিদের কবিতা, আলোচনা, পারফরম্যান্স, প্রদর্শনী ও পরীক্ষামূলক শিল্পের আয়োজন।

বর্তমানে পোয়েট্রি মুন নর্ডিক অঞ্চলের অন্যতম বড় কবিতা উৎসব হিসেবে পরিচিত। এ উৎসবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এ শুধু কবিতা পাঠের উৎসব নয়। এখানে কবিতা মিশে যায় পারফরম্যান্স আর্ট, সংগীত, প্রদর্শনী, আলোচনা, পরীক্ষামূলক শিল্প এবং কখনো কখনো শহরের অপ্রচলিত স্থানগুলোর সঙ্গেও। উৎসবের ইতিহাসে এমন আয়োজন হয়েছে যেখানে কবিরা ব্যক্তিগত বাড়িতে কবিতা নিয়ে গেছেন, আবার ফিনিশ ও বিদেশি কবিরা একে অন্যের কবিতা পড়ে ও অনুবাদ নিয়ে আলোচনা করে থাকেন।
উৎসবের মূল উদ্দেশ্য স্পষ্ট—নতুন, তরুণ, পরীক্ষামূলক ও প্রান্তিক কবিতা ও কাব্যচর্চাকে সামনে নিয়ে আসা, একই সঙ্গে কবিতার শিকড় ও ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের কবিদের আমন্ত্রণ জানিয়ে ফিনিশ কবিতার সঙ্গে আন্তর্জাতিক কবিতার সংযোগ তৈরি করাও এর গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।
পোয়েট্রি মুন-এর কাছে কবিতা শুধু বইয়ের পাতায় থাকা কোনো সাহিত্যিক রূপ নয়। এ উৎসবে কবিতা একটি জীবন্ত শিল্প—যা মঞ্চে বলা যায়, সংগীতের হিসেবে গেয়ে উঠা যায়, দৃশ্যশিল্পের একাত্ব হয়ে যেতে পারে, আবার সামাজিক ও রাজনৈতিক প্রশ্ন নিয়েও মানুষের সঙ্গে কথপোকথনে বসে।
২০২৬ সালের বিশেষ আয়োজনে আন্তর্জাতিক কবি ও ফিনিশ কবিদের এক মঞ্চে এনে কবিতা, অনুবাদ, সাহিত্যিক সম্প্রদায় এবং আজকের পৃথিবীতে কবির ভূমিকা নিয়ে আলোচনা হবে।
‘পোয়েট্রি মুন’-এর দিকে তাকালে সবচেয়ে বেশি যে বিষয়টি চোখে পড়বে, তা হলো এর বৈচিত্র্য। এখানে একই উৎসবে নোবেলজয়ী কবিদের উত্তরাধিকার, আন্তর্জাতিক কবিতার নতুন কণ্ঠ, ফিনল্যান্ডের প্রতিষ্ঠিত কবি, তরুণ কবি-শিল্পী এবং সাধারণ পাঠকের অংশগ্রহণ—সবকিছু পাশাপাশি জায়গা করে নেয়।
১৯ থেকে ২৩ আগস্ট হেলসিঙ্কিতে তাই শুধু একটি কবিতা উৎসব হবে না; তৈরি হবে কবিতাকে ঘিরে একটি সাময়িক শহর। সেই শহরে ভাষার ভিন্নতা বাধা নয়, বরং সম্পদ। অনুবাদ দূরত্ব কমাবে, পারফরম্যান্স কবিতাকে বইয়ের বাইরে নিয়ে যাবে, আর আন্তর্জাতিক কবিরা স্থানীয় সাহিত্যজগতের সঙ্গে তৈরি করবেন নতুন সম্পর্ক।
‘পোয়েট্রি মুন’- পাঁচ দিনে থাকছে ১৬টি আয়োজন, ৪০-এর বেশি পারফর্মার; বেশির ভাগ অনুষ্ঠান বিনামূল্যে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









