বাংলাদেশে চলমান হামের প্রাদুর্ভাব ও রেকর্ড শিশুর মৃত্যুর নেপথ্যে বিগত অন্তর্বর্তী সরকারের চরম গাফিলতি ও উদাসীনতাকে দায়ী করেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। তৎকালীন স্বাস্থ্য মন্ত্রণালয়কে অন্তত ৫ বার লিখিত চিঠি এবং সরকারের কর্মকর্তাদের সাখে ১০টি মিটিংয়ে সম্ভাব্য টিকা-সংকটের ব্যাপারে সতর্ক করা হয়েছিল। সংস্থাটি মনে করে, অন্তর্বর্তী সরকার টিকা ক্রয়প্রক্রিয়ায় পরিবর্তন আনায় দেশে সময়মতো টিকা আসেনি।
বুধবার (২০ মে) দুপুরে ঢাকায় ইউনিসেফ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স।
তিনি বলেন, ‘‘ভালো খরব হচ্ছে, ১ কোটি ৮০ লাখের বেশি শিশু হামের টিকা পেয়েছে এবং হাম নিয়ন্ত্রণে।’’
সংবাদ সম্মেলনে টিকা–সংকটের কারণ, টিকা–সংকট কাটিয়ে উঠতে ইউনিসেফ কী করেছে, এই সংকট আর যেন না হয়, সে বিষয়ে কথা বলেন রানা ফ্লাওয়ার্স। তিনি একাধিকবার বলেন, ‘‘হামে শিশুমৃত্যু দুঃখজনক।’’
টিকার সংকট ও হামে শিশুমৃত্যুর ঘটনা তদন্তে সরকারি উদ্যোগকে স্বাগত জানান রানা ফ্লাওয়ার্স। ইউনিসেফ তদন্তে সহায়তা করবে কি না, সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে ফ্লাওয়ার্স বলেন, ‘‘ইউনিসেফ সব সময় সত্যের পক্ষে।’’
সাংবাদিকদের তিনি বলেন, ‘‘সরকার চাইলে উন্মুক্ত টেন্ডার পদ্ধতিতে টিকা ক্রয় করতে পারে। মনে রাখতে হবে, টিকার মজুত নিশ্চিত থাকা জরুরি। উন্মুক্ত টেন্ডার পদ্ধতিতে টিকা সংগ্রহ করতে এক বছরের মতো সময় লেগে যায়। ইউনিসেফের মাধ্যমে দ্রুত টিকা সংগ্রহ করা যায়।’’
ইউনিসেফের এই প্রতিনিধি আরও জানান, অন্তর্বর্তী সরকারের কর্মকর্তাদের জরুরি বৈঠকে বসার জন্য বারবার চাপ দেওয়া হয়েছিল। আমরা অন্তর্বর্তী উপদেষ্টা ও কর্মীদের সঙ্গে অন্তত ১০ বার বসেছি। আমি এবং আমার কর্মীরা বলেছি-আমরা চিন্তিত। আমার মুখ দেখে বুঝুন, আমি চিন্তিত যে আপনারা টিকার সংকটে পড়তে যাচ্ছেন।
দেশে চলতি বছর হামে ৬০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এর বেশির ভাগই শিশু। ইতিমধ্যে মারাত্মক এই ভাইরাসে ৪৮১ জন মারা গেছে। বাংলাদেশে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘটেনি।
চলতি বছরের জানুয়ারি মাস থেকে দেশে হামের প্রকোপ শুরু হয়। গত অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকাদানে গাফিলতি এবার হামের এই মারাত্মক প্রাদুর্ভাবের কারণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এর আগে ইউনিসেফের ভারপ্রাপ্ত বাংলাদেশ প্রতিনিধি স্ট্যানলি গুয়াভুইয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘হাম নিয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছিল ইউনিসেফ।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









