বাজারে মাংসের দাম সহনীয় রাখতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ‘‘মাংস আমদানির কোনো প্রয়োজন নেই; বরং দেশীয় উৎপাদনকে কাজে লাগিয়ে রপ্তানি বাড়ানোর দিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশে চাহিদার তুলনায় গবাদি পশুর উদ্বৃত্ত থাকায় মাংস রপ্তানি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার।’’
বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে কোরবানির পর পশুর সংখ্যা ও উদ্বৃত্ত পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, পশুখাদ্য উৎপাদন বাড়াতে অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথ উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি পশুপালনে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার ঠেকাতে খামারিদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।
তিনি আরও জানান, পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে দেশে মোট ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮টি গবাদি পশু কোরবানি হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই কোরবানি হয়েছে সর্বোচ্চ ২৩ লাখ ৫১ হাজার ৬৬৬টি পশু। এ বছর মোট চাহিদা ছিল ১ কোটি ৬ লাখ ৩৩৪টি, বিপরীতে প্রাপ্যতা ছিল ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি।
প্রতিমন্ত্রী বলেন, ‘‘সম্পূর্ণ দেশীয় ব্যবস্থাপনার মাধ্যমে এবারের কোরবানির পশুর চাহিদা পূরণ করা সম্ভব হয়েছে, যা দেশের পশুসম্পদ খাতের সক্ষমতারই প্রমাণ।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









