সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার এবং বিভ্রান্তিকর প্রচারণার কারণে দেশের রাজনৈতিক পরিবেশ ক্রমেই ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৫ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাহবুবুল হক ও মাহবুবুল আলম তারার স্মরণে এই সভার আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, তিনি নিজে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন না এবং তার কোনো অ্যাকাউন্টও নেই। তার মতে, পরিকল্পিতভাবে কুরুচিপূর্ণ ভাষা ও ভুয়া তথ্য ছড়িয়ে সুস্থ রাজনৈতিক চর্চাকে বাধাগ্রস্ত করা হচ্ছে।
তিনি অভিযোগ করেন, দীর্ঘ আন্দোলন ও অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক সুযোগকে নষ্ট করতে এবং দেশে অস্থিতিশীলতা তৈরির জন্য একটি চক্র সক্রিয় রয়েছে। এ সময় তিনি গণতন্ত্র রক্ষায় এসব চক্রান্তকারীদের চিহ্নিত করার আহ্বান জানান।
বিএনপিকে একটি উদারপন্থি রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দলটি জনগণের অধিকার ও কল্যাণে কাজ করে। তবে দেশে গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান হয়েছে বলেও দাবি করেন তিনি।
সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশে নানা ধরনের ষড়যন্ত্র চলছে এবং এর সঙ্গে যুক্ত হয়েছে তথাকথিত ‘বটবাহিনী’। তবে এসব প্রচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণ সবসময় তারেক রহমান-এর পাশে রয়েছে এবং দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









