সারা দেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।
মঙ্গলবার (১৬ জুন) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রেল ব্যাবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপুল এ কথা জানিয়েছেন।
হাসান শিপুল বলেন, ‘‘এই বৈঠকে রেলওয়ের মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত মিটার গেজ লাইনসমূহ পর্যায়ক্রমে ব্রডগেজ করা, রেলওয়ের সিগনালিং ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন পরিকল্পনা নেয়া হয়েছে।’’
এই পরিকল্পনা বাস্তবায়ন কীভাবে অর্থায়ন হবে তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান উপপ্রেস সচিব।
সভায় রেল ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, রেল বিভাগের সচিব ফাহিমুল ইসলাম এবং রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









