কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে পুলিশ। এ পরিস্থিতিতে সারাদেশে সতর্ক অবস্থানে থাকতে পুলিশ ইউনিটগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের গোয়েন্দা তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীরা বিভিন্ন জেলা ও মহানগরে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, ব্যানার নিয়ে মিছিলসহ নানা কর্মসূচি পালনের চেষ্টা করতে পারে।
এ ধরনের কর্মসূচিকে কেন্দ্র করে অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসানের স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি উল্লেখ করা হয়। চিঠিতে বলা হয়, আওয়ামী লীগের কর্মসূচিতে বাধা দিলে আইনশৃঙ্খলা বাহিনীর ওপরও ক্ষোভ সৃষ্টি হতে পারে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে।
এ অবস্থায় দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, প্রচারপত্র বিতরণ ও কর্মসূচিকে ঘিরে উত্তেজনা দেখা গেছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর মহাখালীতে এক ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। একই দিনে গণভবনের সামনেও যুবলীগের মিছিল হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক দলের কার্যক্রম যাতে জননিরাপত্তা বিঘ্নিত না করে, সে জন্য সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য সহিংসতা ও নাশকতা ঠেকাতে মাঠ পর্যায়ে বাড়তি নজরদারি জোরদার করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









