আধুনিক ও প্রযুক্তিনির্ভর কারা ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশের প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থাপনা’ চালু হয়েছে মুন্সিগঞ্জ জেলা কারাগারে। রবিবার (২১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে কারা অধিদপ্তর। নতুন এই ব্যবস্থার মাধ্যমে কারাগারে বন্দিদের সার্বিক নিরাপত্তা, অবস্থান শনাক্তকরণ এবং লেনদেন প্রক্রিয়ায় এক যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে।
কারা অধিদপ্তর জানায়, এই ক্যাশলেস সিস্টেমে আরএফআইডি (রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন) প্রযুক্তির সাহায্যে কারাগারে বন্দিদের অবস্থান তাৎক্ষণিকভাবে শনাক্ত করা হচ্ছে এবং ওয়ার্ডে বন্দিদের নিখুঁত গণনা নিশ্চিত করা যাচ্ছে। এই পদ্ধতিতে বন্দিদের আত্মীয়-স্বজনদের পাঠানো টাকা সম্পূর্ণ ভার্চুয়াল উপায়ে সরাসরি বন্দির ডিজিটাল হিসাবে জমা হবে। পরবর্তীতে বন্দিরা আরএফআইডি প্রযুক্তির মাধ্যমে নগদ টাকার ব্যবহার ছাড়াই কারা ক্যান্টিন থেকে তাদের প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন।
কারাগারে কোনো ধরনের নগদ অর্থের লেনদেন না হওয়ায় এই পুরো প্রক্রিয়াটিতে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। আধুনিক এই প্রযুক্তি ব্যবহারের ফলে কারা নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি বন্দিদের তথ্য ব্যবস্থাপনা অনেক সহজ ও উন্নত হবে বলে মনে করছে কারা কর্তৃপক্ষ। মুন্সিগঞ্জ জেলা কারাগারে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই উদ্যোগটি দেশের সামগ্রিক কারা ব্যবস্থাপনায় একটি বড় মাইলফলক।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









