বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচন-পরবর্তী দেশের সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশ-সুইজারল্যান্ডের দ্বিপাক্ষিক বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সুইস রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের হেড অব পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড কমিউনিকেশন অ্যাফেয়ার্স আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড প্রেস অফিসার খালেদ চৌধুরী।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশে সুইজারল্যান্ডের বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রদূত।
বৈঠকে রোহিঙ্গা সংকট, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার, বিরোধী দল ও নাগরিক সমাজের ভূমিকা নিয়েও আলোচনা হয়।
বিরোধীদলীয় নেতা রাষ্ট্রদূতের সক্রিয় ভূমিকার প্রশংসা করে গ্রিন এনার্জি ও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন ক্ষেত্রে সুইজারল্যান্ডকে আরও এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









