রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবনের একটি ফ্ল্যাট থেকে ডা. ফারাহ ফেরদৌস (৩২) নামে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) ভবনটির ১৪তম তলার একটি ফ্ল্যাট থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডা. ফারাহ ফেরদৌস ৩৯তম বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। পরে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জারি বিভাগে রেসিডেন্ট চিকিৎসক হিসেবে প্রশিক্ষণ শুরু করেন। বর্তমানে তিনি ফেজ-বি রেসিডেন্ট প্রশিক্ষণার্থী ছিলেন।
২০১৭ সালে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
শাহবাগ থানা সূত্রে জানা গেছে, ডা. ফারাহ খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ ও ফেরদৌসি রশিদের মেয়ে। তিনি অবিবাহিত ছিলেন এবং ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









