সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ভোটের আগেই অতিরিক্ত সচিব হলেন ১১৮ জন কর্মকর্তা

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ১০:২৭ পিএম

আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬, ১০:৩৫ পিএম

ভোটের আগেই অতিরিক্ত সচিব হলেন ১১৮ জন কর্মকর্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই সপ্তাহ আগে প্রশাসনে বড় ধরনের পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে যুগ্মসচিব পদমর্যাদার ১১৮ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ রফিকুল হক এই প্রজ্ঞাপনে সই করেছেন।

অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে এসে অতিরিক্ত সচিব ও যুগ্মসচিব পদমর্যাদার দুই শতাধিক কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার তোড়জোড়ের খবর আগেই মিলেছিল।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রীদের পিএস এবং ডিসির দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা কর্মকর্তারা যে এই পদোন্নতির তালিকা থেকে বাদ পড়ছেন, সেই আভাসও পাওয়া যাচ্ছিল তাদের কথায়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা মঙ্গলবার সকালে বলেছিলেন, ‘২০২১ সালের ২৯ অক্টোবর ২০তম ব্যাচের বেশ কয়েকজন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছিল। ওই ব্যাচের প্রায় ২৫৬ জন কর্মকর্তা পদোন্নতির যোগ্য এবং লেফট আউট, ইকোনমিক ও অন্যান্য মিলে পদোন্নতির যোগ্য হয়ে আছেন প্রায় ৭০ জন। আরও আগেই তাদের পদোন্নতি হওয়ার কথা ছিল।’ 

*তালিকাটি দেখতে এখানে ক্লিক করুন...

এছাড়া ২৪তম ব্যাচের ৩৪৪ জন কর্মকর্তার মধ্যে ১৯৬ জনকে গত বছরের মার্চে পদোন্নতি দেওয়া হয়। সে প্রসঙ্গ ধরে ওই কর্মকর্তা বলেছিলেন, ‘সেখানে বাকি রয়েছেন ১৮০ জন কর্মকর্তা। তারাও পদোন্নতির অপেক্ষায়। সব মিলিয়ে দুইশর বেশি কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার জন্য ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি আছে। সরকারের নির্দেশনা এলেই তা বাস্তবায়ন হবে।’

সাবেক সচিব ও বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক রেক্টর একেএম আবদুল আউয়াল মজুমদার বলেন, ‘এটা রুটিন ওয়ার্ক। তারা করতেই পারে। এটার সাথে ইলেকশনের কোনো সম্পর্ক নাই। কারণ এই গভর্নমেন্টের কেউ তো আর এমপি পদে দাঁড়ায় নাই।’

তবে শূন্য পদ না থাকার পরও এভাবে ঢালাও পদোন্নতির সমালোচনা করে তিনি বলেন, ‘পদ ছাড়া পদোন্নতি তো সরকার ৫ অগাস্টের পর থেকে দিয়েই যাচ্ছে। আমি বলে আসছি যে পদ ছাড়া পদোন্নতিটা বন্ধ হওয়া উচিত। পদ ছাড়া পদোন্নতি হলে এটা তো প্রশাসনিক অনাচার।’

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল হতে কোনো কর্মকর্তার দপ্তর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম/ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন। পরে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ/ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এ আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর অথবা অনলাইনে দাখিল করতে পারবেন।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.