জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি করা এবং আরও দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ পাঁচ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আগামী ২৮ জুন।
শনিবার (২৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের জন্য ২৮ জুন দিন ধার্য করেন।
ট্রাইব্যুনালে দ্বিতীয় দফার যুক্তিতর্কে প্রথমে আসামি চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন তার আইনজীবী সারওয়ার জাহান নিপ্পন। তিনি দাবি করেন, এই ঘটনার সঙ্গে তার মক্কেলের কোনো সম্পৃক্ততা নেই। অন্যদিকে, প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম পাঁচ আসামির সর্বোচ্চ শাস্তির আবেদন জানান।
এর আগে গত ১০ জুন রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার পুনরায় সাফাই সাক্ষ্য দেন। জবানবন্দিতে তিনি এক প্রসিকিউটরের বিরুদ্ধে অভিযোগও তোলেন। এর আগে চলতি বছরের ১৩ জানুয়ারি প্রথম দফায় সাক্ষ্য দিয়েছিলেন তিনি।
মামলার পাঁচ আসামির মধ্যে চারজন পলাতক রয়েছেন। তারা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব, খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এবং সাবেক উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ভূঁইয়া।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









