জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের পেছনে একক কোনো ব্যক্তি নন, বরং বাংলাদেশের ১৮ কোটি মানুষই ছিলেন প্রকৃত মাস্টারমাইন্ড। তিনি স্পষ্টভাবে বলেন, ‘একক কোনো মাস্টারমাইন্ড আমরা মানি না।’
রবিবার (২৮ জুন) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম কার্যদিবসে বাজেটের সাধারণ আলোচনায় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ মন্তব্য করেন।
এর আগে জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বিরোধীদলীয় নেতার একটি পুরোনো বক্তব্যের উল্লেখ করে বলেন, ডা. শফিকুর রহমান একসময় আন্দোলনের প্রধান নায়ক হিসেবে তারেক রহমানের কথা বলেছিলেন। একই সঙ্গে তিনি বাজেট বাস্তবায়ন নিয়েও আশাবাদ ব্যক্ত করেন।
জবাবে ডা. শফিকুর রহমান বলেন, তার বক্তব্যের সময়কাল সঠিকভাবে উপস্থাপন করা হয়নি।
তিনি জানান, ওই মন্তব্যটি তিনি করেছিলেন ২০২৪ সালের এপ্রিল মাসে। কিন্তু ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক বাস্তবতায় পরিবর্তন এসেছে এবং সেই প্রেক্ষাপটও বদলে গেছে।
তিনি বলেন, আগস্টের পর যাদের নেতৃত্বে গণ-অভ্যুত্থান সফল হয়েছে, তাদের প্রতি সবারই সম্মান ও ভালোবাসা রয়েছে। সেই মর্যাদা অক্ষুণ্ন রাখা প্রয়োজন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে গিয়ে একজনকে আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উল্লেখ করেছিলেন। তবে তিনি শুরু থেকেই এর বিরোধিতা করেছেন। তার ভাষায়, জুলাই আন্দোলনের কৃতিত্ব দেশের তরুণ সমাজের এবং প্রকৃত মাস্টারমাইন্ড বাংলাদেশের ১৮ কোটি মানুষ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









