স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নতুন ভোটার হওয়ার সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
৩০ জুন থেকে বাড়িয়ে এই সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে। চূড়ান্ত হওয়ার অপেক্ষায় থাকা স্থানীয় সরকার নির্বাচনের প্রাথমিক কর্মপরিকল্পনা (রোডম্যাপ) থেকে এই তথ্য জানা গেছে।
স্থানীয় সরকারের চার প্রতিষ্ঠান—ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনের জন্য আলাদা চারটি রোডম্যাপ প্রণয়ন করেছে ইসি। এগুলো চূড়ান্ত করে চলতি জুলাই মাসের মধ্যেই ঘোষণা করার কথা রয়েছে।
এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘নতুন ভোটার হওয়ার সময়সীমা আগে ৩০ জুন ছিল। সেটা আমরা ৩১ জুলাই পর্যন্ত করে দিয়েছি। আমরা যদি অক্টোবরে স্থানীয় সরকারের ভোট করি তাহলে পেছনে যেতে অসুবিধা নেই।’
তিনি আরও বলেন, ‘কর্মকর্তারা আমাদের একটা চার্ট (রোডম্যাপ) দিয়েছেন, কোন কাজ কখন করতে হবে। ভোটার তালিকা আমরা কোন পর্যন্ত চূড়ান্ত করতে পারব, সেটাও বলা আছে।’
আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘৩১ জুলাই পর্যন্ত যারা ভোটার হবেন, তাদের আমরা ভোটার তালিকায় যোগ করতে পারব। তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। চূড়ান্ত ভোটার তালিকার ভিত্তিতে ইসিকে ভোটকেন্দ্রের সংখ্যাও বাড়াতে হবে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









