জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম বলেছেন, বর্তমান জাতীয় সংসদকে তিনি বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চান। একই সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্যদের আরও কার্যকর, প্রাণবন্ত ও জবাবদিহিমূলক সংসদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদ ভবনে বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিট (বামু) আয়োজিত ‘বাজেট হেল্পডেস্ক ২০২৬’-এর সপ্তম ব্রিফিং সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, জনগণের প্রত্যাশা পূরণে ত্রয়োদশ জাতীয় সংসদকে গণতান্ত্রিক চর্চার কেন্দ্রবিন্দু এবং আরও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। এজন্য সংসদ সদস্যদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, সংসদীয় স্থায়ী কমিটিগুলোর কার্যকর ভূমিকা সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার অন্যতম প্রধান উপায়। বিশেষ করে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটিগুলোকে আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে হবে।
নূরুল ইসলাম আরও বলেন, আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা, সংসদীয় জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সুশাসন শক্তিশালী করতে সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণের বিকল্প নেই। সংসদীয় কমিটিগুলোর কার্যক্রমে সদস্যদের নিবিড় সম্পৃক্ততা এ লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









