সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
রবিবার (১২ জুলাই) এক শোকবার্তায় তিনি বলেন, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নাহিদ ইসলাম মরহুমের শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, ছাত্রজীবন থেকেই ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা গুটিকয়েক আইনজীবীর অন্যতম হিসেবে তিনি দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
শোকবার্তায় নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত জীবনে জমির উদ্দিন সরকার বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, আইন অঙ্গন এবং রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে সংসদ পরিচালনায় তার অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নিরপেক্ষতা সর্বমহলে প্রশংসিত ছিল।
শোকবার্তার শেষে নাহিদ ইসলাম মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করুন। আমিন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









