বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা রাজধানীর ধানমন্ডিতে ও দ্বিতীয় জানাজা বিকাল ৫টায় জাতীয় সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেল ও সংসদ সচিবালয়ের পক্ষ থেকে পৃথকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রবিবার বিকাল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রবীণ এই রাজনীতিবিদের জানাজা হবে। জানাযা শেষে সংসদের ‘নির্ধারিত চত্বরে’ তাকে সমাহিত করা হবে।
২০০১ সালের ২৮ অক্টোবর অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে শপথ নেন জমির উদ্দিন সরকার। ২০০৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত তিনি সেই দায়িত্বে ছিলেন। ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত জমির উদ্দিন সরকার বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব বলেন, “জাতীয় সংসদ ভবনের দক্ষিণ-পশ্চিম কোণে, যেখানে সাতজন বিশিষ্ট ব্যক্তি ও রাজনীতিককে দাফন করা হয়েছে, সেখানেই সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে সংসদ সচিবালয়।”
রবিবার ভোরে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পাঁচবারের সংসদ সদস্য জমির উদ্দিন সরকার; তার বয়স হয়েছিল ৯৪ বছর।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









