ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুন না কেন, তাকে প্রথমে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ।
সোমবার (১৩ জুলাই) দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “শেখ হাসিনা ভারত বা বাংলাদেশ যেখানেই আত্মসমর্পণ করুন, বাংলাদেশের আইনি প্রক্রিয়া অনুযায়ী তাকে কারাগারে যেতে হবে। তিনি আরও বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামির রাজনৈতিক বক্তব্য সরকারের বিবেচনার বিষয় নয়। বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে দেশে ফেরানোর জন্য কূটনৈতিক প্রক্রিয়াও চলমান রয়েছে।”
শেখ হাসিনা দেশে ফিরলে কী ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে এমন প্রশ্নের জবাবে শামা ওয়ায়েদ বলেন, “দেশে ফিরলে তাকে আইন অনুযায়ী আত্মসমর্পণ করতে হবে এবং এরপর বিদ্যমান আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।”
তিনি বলেন, “কোনো আসামি আত্মসমর্পণ না করে রাজনৈতিক বক্তব্য দিলে সেটিকে তিনি পলাতক দলীয় নেতাকর্মীদের সক্রিয় করার চেষ্টা হিসেবে দেখেন। তবে এসব বক্তব্য সরকারের অবস্থান বা আইনি প্রক্রিয়াকে প্রভাবিত করবে না।”
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, “সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় কূটনৈতিক প্রক্রিয়া শুরু করেছে এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে। তার ভাষ্য, কোনো আসামি বিদেশে বাংলাদেশের মিশনে কিংবা দেশে এসে আত্মসমর্পণ করলেও আইনি প্রক্রিয়ায় কোনো পার্থক্য হবে না তাকে প্রচলিত আইন অনুযায়ী সাজা মোকাবিলা করতে হবে।”
ভারতে অবস্থানকালে শেখ হাসিনার দেওয়া বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে শামা ওয়ায়েদ বলেন, “দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে একজন দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্যকে কেন্দ্র করে সরকারের আইনি অবস্থানে কোনো পরিবর্তন আসবে না।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









