শিক্ষামন্ত্রীকে মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে পদত্যাগ এবং তার ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে এইচএসসি পরীক্ষাসংক্রান্ত আরও দুটি দাবি জানিয়েছেন তারা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর সায়েন্সল্যাবে অবস্থান কর্মসূচি থেকে শিক্ষার্থীদের পক্ষে এ ঘোষণা দেন সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন।
তিনি বলেন, সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি ১৩ জুলাই অস্বস্তিকর পরিবেশে যারা পরীক্ষা দিয়েছেন এবং যারা পরীক্ষা দিতে পারেননি, তাদের বিষয় বিবেচনায় নিয়ে ওই পরীক্ষা পুনরায় নেওয়ার দাবি জানান তিনি।
শিক্ষার্থীদের আরেকটি দাবি হলো, বুধবারের এইচএসসি পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষার রুটিন প্রকাশ করা এবং প্রশ্নপত্রের মান শিক্ষার্থীবান্ধব করা।
এর আগে বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নিলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, সকাল থেকে আন্দোলন চললেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কেউ তাদের সঙ্গে আলোচনায় বসেননি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









