স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তার আত্মসমর্পণের সুযোগ থাকবে না। আদালতের রায় অনুযায়ী তাকে গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
গত বছরের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। পরবর্তীতে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন।
সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তিনি আগামী ডিসেম্বরের দিকে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। একই সঙ্গে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছার কথাও জানান।
এ বিষয়ে সংসদে প্রতিক্রিয়া জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণের সুযোগ থাকবে না, আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করে আদালতের রায় কার্যকরের প্রক্রিয়া অনুসরণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









