প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে তিনি দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
প্রাকৃতিক প্রতিকূলতা উপেক্ষা করে অনুষ্ঠানে অংশ নিতে আসা শিক্ষার্থীদের কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর প্রতি তাদের আবেগ, উচ্ছ্বাস ও ভালোবাসা প্রমাণ করে—একজন নেতা রাষ্ট্র পরিচালনায় এলে তিনি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে ভূমিকা রাখতে পারেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর রূপকল্প বাস্তবায়নে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব এবং তার নেতৃত্বে বাংলাদেশের বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে গড়ে তুলব।’
তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা বিনির্মাণ করতে চাই, যেখানে শিক্ষার্থীরা হবে আগামী বাংলাদেশ গড়ার মূল কারিগর ও অগ্রদূত।’
মাহদী আমিন বলেন, ‘আমরা চাই এমন একটি শিক্ষাব্যবস্থা, যেখানে শিক্ষার্থীরা প্রতিকূলতা ও প্রতিবন্ধকতার বিরুদ্ধে দাঁড়াবে। তারা প্রমাণ করবে, আগামীর বাংলাদেশের নেতৃত্ব তাদের হাত ধরেই গড়ে উঠবে।’
তিনি বলেন, ‘আজ এখানে দেশের প্রতিটি জেলার সাধারণ শিক্ষার্থীরা প্রান্তিক পর্যায় থেকে এসেছে। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা এবং পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ—সবকিছুতেই অংশ নিয়েছে তারাই।’
প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের বাংলাদেশের উন্নয়ন ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী পথযাত্রা ও ইশতেহারে ঘোষিত লক্ষ্য বাস্তবায়নের প্রাথমিক ধাপ হিসেবে দেশের প্রায় ৬৫ হাজার স্কুলে একযোগে প্রায় ২ লাখ গাছ রোপণ করা হয়েছে।
তিনি বলেন, ‘আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা চাই, যেখানে মানবিক মূল্যবোধ থাকবে। শিক্ষার্থীরা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে এবং তাদের মূল্যবোধ ও নীতিবোধ দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বে বাংলাদেশের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরবে।’
মাহদী আমিন বলেন, ‘আগামী বাংলাদেশের নেতৃত্ব যারা দেবে, তারা যে বিষয়ে আগ্রহী এবং যে ক্ষেত্রে ভালো করতে চায়, রাষ্ট্র ও সরকার তাদের সর্বোচ্চ সহযোগিতা করবে।’
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, ‘অল্প সময়ের মধ্যেই প্রায় ২২ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে নিয়ে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামীতে প্রাইম-মিনিস্টার্স ফুটবল গোল্ড কাপ আয়োজনেও তিনি পৃষ্ঠপোষকতা করবেন।’
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









