শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং এইচএসসি পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়মুখী সড়কে ব্যারিকেড বসিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধনের অভিযোগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।
পরীক্ষা শেষে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ শুরু করেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা।
শিক্ষার্থীদের আগমনের খবর পেয়ে আগে থেকেই রাজধানীর শিক্ষা ভবন মোড়ে অবস্থান নেয় পুলিশ। সচিবালয় অভিমুখে যাত্রা ঠেকাতে সেখানে ব্যারিকেড তৈরি করা হয়। ব্যারিকেডে শিকল পেঁচিয়ে তালা লাগানো অবস্থায় দেখা যায়।
বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষা মন্ত্রণালয় ও সচিবালয় অভিমুখী সড়কে ব্যারিকেড বসানো হয়। এ সময় ব্যারিকেডের পেছনে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও জলকামান প্রস্তুত রাখা ছিল।
এর আগে তিন দফা দাবিতে সায়েন্সল্যাব মোড়ে প্রায় আধা ঘণ্টা অবস্থান ও সড়ক অবরোধের পর সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেন শিক্ষার্থীরা। বিকেল ৩টা ৫ মিনিটের দিকে তারা সায়েন্সল্যাব এলাকা ছেড়ে মিছিল নিয়ে রওনা হন।
শিক্ষার্থীরা সড়ক ছেড়ে যাওয়ার পর সায়েন্সল্যাব মোড় দিয়ে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









