মিয়ানমার সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করতে ১০৯ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা করছে সরকার। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২০ জুলাই) রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার সীমান্ত বর্তমানে বিভিন্ন কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেখানে আরাকান আর্মি, মিয়ানমারের সামরিক বাহিনী এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর মধ্যে প্রায় নিয়মিত সংঘর্ষ চলছে। আরএসইউ, আরসা ও আরাকান আর্মিসহ বিভিন্ন সংগঠনের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব অনেক সময় বাংলাদেশের সীমান্ত এলাকাতেও এসে পড়ে।
তিনি বলেন, এসব পরিস্থিতির কারণে সীমান্ত দিয়ে মাদক চোরাচালান, নিরাপত্তাহীনতা এবং সীমান্তের ওপার থেকে গোলাগুলির ঘটনায় বাংলাদেশি নাগরিকদের প্রাণহানির ঘটনাও ঘটছে। এসব ঝুঁকি মোকাবিলায় সীমান্তের ১০৯ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তাব রয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ল্যান্ডমাইনের ঝুঁকি সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেন, সীমান্ত এলাকায় মাইন শনাক্তে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি ইতোমধ্যে সংগ্রহ করে বিজিবির কাছে দেওয়া হয়েছে। বিজিবি সদস্যরা সেগুলো ব্যবহার করে কাজ করছেন, যাতে ভবিষ্যতে ল্যান্ডমাইন বিস্ফোরণের মতো দুর্ঘটনা এড়ানো যায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









