আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে হালনাগাদকৃত ভোটার তালিকা প্রকাশের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ কার্যক্রমে দাবি, আপত্তি ও তথ্য সংশোধনের আবেদন নিষ্পত্তির জন্য দেশের ৬৪ জেলা ও ক্যান্টনমেন্ট এলাকায় ১৫৪ জন কর্মকর্তাকে সংশোধনকারী কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।
প্রজ্ঞাপনে বলা হয়, ভোটার তালিকা আইন, ২০০৯-এর ১১ ধারা অনুযায়ী প্রতি বছর ভোটার তালিকা হালনাগাদ করা হয়। সেই ধারাবাহিকতায় ৩১ জুলাই ২০০৮ বা তার আগে জন্মগ্রহণকারী এবং ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের ডাটাবেজে নিবন্ধিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
এ লক্ষ্যে খসড়া ভোটার তালিকার ওপর দাখিল করা দাবি (ফরম-৬), আপত্তি (ফরম-৭) ও তথ্য সংশোধনের (ফরম-৮) আবেদন নিষ্পত্তির দায়িত্ব ১৫৪ জন কর্মকর্তার ওপর অর্পণ করা হয়েছে।
নির্বাচন কমিশনের সময়সূচি অনুযায়ী, হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ মাঠপর্যায়ে পাঠানোর শেষ সময় ৪ আগস্ট। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৯ আগস্ট এবং ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করা হবে।
সংশোধনকারী কর্তৃপক্ষ ২৭ আগস্টের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করবে। পরে গৃহীত সিদ্ধান্ত ২৮ আগস্টের মধ্যে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এবং ৩১ আগস্ট হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৪৩ জন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









