বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশি উদ্যোক্তা হোক কিংবা বিদেশি বিনিয়োগকারী—বাংলাদেশে কেউ মূলধন বিনিয়োগ করলে সরকার সময়, প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও সময়োপযোগী নীতিমালার মাধ্যমে পাশে থাকবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির লক্ষ্যে বৈদেশিক বিনিয়োগ ত্বরান্বিতকরণ’ শীর্ষক এফআইসিসিআই এফডিআই সম্মেলন ২০২৬-এ তিনি এসব কথা বলেন। সম্মেলনের আয়োজন করে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগকারীদের আস্থা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার প্রতিফলন। বিদেশি বিনিয়োগের ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অংশগ্রহণ আরও শক্তিশালী হয়েছে।
নিজের ব্যবসায়িক অভিজ্ঞতার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, কোনো ব্যবসার সাফল্য শুধু উদ্যোক্তার দক্ষতা বা রাজনৈতিক আশ্বাসের ওপর নির্ভর করে না; এর জন্য প্রয়োজন বিনিয়োগবান্ধব সরকারি নীতিমালা ও কার্যকর প্রাতিষ্ঠানিক সহযোগিতা।
বাংলাদেশের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের বড় অভ্যন্তরীণ বাজার, তরুণ ও দক্ষ মানবসম্পদ, কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং নির্বাচিত সরকারের নেতৃত্ব বাংলাদেশকে টেকসই সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছে।
তিনি জানান, বিনিয়োগের আইনি সুরক্ষা জোরদার, ব্যবসাবান্ধব নিয়ন্ত্রক কাঠামো তৈরি, করব্যবস্থা সহজ করা, মুনাফা দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজ করা, পুঁজিবাজার শক্তিশালী করা এবং অবকাঠামো উন্নয়নে সরকার কাজ করছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, প্রশাসনিক জটিলতা কমানো, সরকারি সেবা ডিজিটালাইজেশন, নবায়নযোগ্য জ্বালানি, বন্দর ও লজিস্টিকস অবকাঠামো উন্নয়ন এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা সরকারের অন্যতম লক্ষ্য। এ জন্য ওষুধ, ইলেকট্রনিক্স, ডিজিটাল সেবা, কৃষি-প্রক্রিয়াজাতকরণ, উন্নত বস্ত্রশিল্প, স্বাস্থ্যসেবা ও লজিস্টিকস খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সবশেষে বিনিয়োগকারীদের বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক যাত্রার অংশীদার হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সম্মিলিত প্রচেষ্টায় একটি শক্তিশালী, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলা সম্ভব।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









