আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারত সরকারের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এই আমন্ত্রণ ইতোমধ্যে বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে পৌঁছে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম তার দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দিল্লি সফরের আমন্ত্রণ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে। ওই আমন্ত্রণপত্র ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
ব্রিকসের সদস্য রাষ্ট্র না হলেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রসঙ্গত, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ব্রিকসের ১৮তম সম্মেলন অনুষ্ঠিত হবে। ১১ সদস্যবিশিষ্ট ব্রিকসে বাংলাদেশ সদস্য না হলেও বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে ভারত। এই মুহূর্তে ব্রাজিল, চীন, মিসর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত ব্রিকসের সদস্য।
ভারতে ছাত্র আন্দোলন চলছে। দেশটিতে অনেক বাংলাদেশি রয়েছে। এ নিয়ে বাংলাদেশের উদ্বেগ আছে কি না জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও গণতান্ত্রিক সরকার হিসেবে আমাদের এই অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি বজায় থাকুক, সেটাই আমরা চাই। একটি গণতান্ত্রিক সরকার ও রাষ্ট্র হিসেবে আমরা আশা করব, ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক সরকার হিসেবে তারা তাদের জনগণের অবস্থান দেখবে এবং সমস্যা সমাধানের দিকে দ্রুত আগাবে।’
কূটনৈতিক মহলের ধারণা, সম্ভাব্য এই সফর বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে সফরের তারিখ ও কর্মসূচি সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









