ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান রিজিওনাল ফোরামের সম্মেলন শেষে মালদ্বীপ সফরে পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
শনিবার (২৫ জুলাই) দেশটিতে পৌঁছালে তাকে স্বাগত জানান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মালদ্বীপ সরকারের বিশেষ অতিথি হিসেবে ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশটিতে অবস্থান করবেন ড. খলিলুর রহমান। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম মালদ্বীপ সফর। সফরকালে তিনি মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন।
সফরের অংশ হিসেবে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন তিনি।
বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করা, বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নতুন সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এছাড়া দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করবেন। একই সঙ্গে আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









