সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন ও বিধি অনুযায়ী সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রবিবার (২৬ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতির জন্য নির্ধারিত সব সুযোগ-সুবিধাই মো. সাহাবুদ্দিন পাবেন। তার নিরাপত্তার জন্য এসএসএফ ও পিজিআরসহ ছয় মাসের বিশেষ ব্যবস্থার বিধান রয়েছে। পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে।’’
মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবির বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘স্বৈরাচারের শেষ সময়, অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকারের সময়ের একটি অংশে তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন। এ সময়ে তিনি সংবিধান ও প্রচলিত বিধি-বিধান অনুযায়ী দায়িত্ব পালন করেছেন এবং সরকারও তার সহযোগিতা পেয়েছে।’’
তিনি বলেন, ‘‘ওই সময় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হিসেবে তিনি বিশেষ সুবিধাপ্রাপ্ত অবস্থানে ছিলেন। তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ বা এ বিষয়ে আদালতে মামলা করার সুযোগ নেই। তবে কেউ কোনো বক্তব্য দিলে সেটি তাদের নিজস্ব স্বাধীনতার বিষয়।’’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘‘বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে, সেগুলো সরকারের বিবেচনায় নেওয়ার মতো কোনো বিষয় হিসেবে দেখা হয়নি।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









