রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
রবিবার (২৬ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
রেওয়াজ অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই ধারাবাহিকতায় ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।
এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে সিইসির কার্যালয়ে নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিবের মধ্যে একটি অনির্ধারিত বৈঠক হয়। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত আইন পর্যালোচনা করা হয়।
বৈঠক শেষে সিদ্ধান্ত নেওয়া হয়, তফসিল ঘোষণার পরবর্তী কার্যক্রম ঠিক করতে স্পিকারের সঙ্গে আলোচনা করা হবে।
নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এ জন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা (সংসদ সদস্যদের নাম) নির্বাচন কমিশনে পাঠানো হবে। সেই তালিকার ভিত্তিতে ইসি রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করবে। এরপরই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









