দেশে বর্তমানে প্রায় ৪ কোটি শিক্ষিত বেকার যুবক রয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (২৬ জুলাই) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের সামনে চ্যালেঞ্জ অনেক বড়। গত ১৫ বছরে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটিকে ঘুরে দাঁড় করানো কঠিন। চারদিকে অনিয়ম ও অস্থিতিশীলতার কারণে তরুণদের ভবিষ্যৎও চ্যালেঞ্জের মুখে।
তিনি বলেন, দেশে এখন প্রায় ৪ কোটি শিক্ষিত বেকার যুবক রয়েছে। একটি পদের বিপরীতে লাখ লাখ আবেদন জমা পড়ে। এই বেকারত্ব রাতারাতি দূর করা সম্ভব নয়, এজন্য নতুন করে কাজ করতে হবে।
সরকারের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, পরিবর্তন আনার কাজ চলছে, তবে এতে সময় লাগবে। বর্তমানে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে। পাশাপাশি কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
কৃষিভিত্তিক শিল্পের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলকে ‘অ্যাগ্রিকালচার হাব’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
ছাত্ররাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতি হতে হবে দেশ ও মানুষের কল্যাণে। একইসঙ্গে তিনি দাবি করেন, গত ১৭ বছরে দেশের প্রতিষ্ঠানগুলো দুর্বল করা হয়েছে এবং সেগুলো পুনর্গঠনের কাজ চলছে।
জ্বালানি সংকট প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দেশে গ্যাস ও তেলের সংকট রয়েছে, যা উন্নয়নের পথে বড় বাধা। এ জন্য বিকল্প জ্বালানি ও গ্রিন এনার্জির দিকে মনোযোগ দিতে হবে।তিনি আরও বলেন, দেশের পরিবর্তনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









