দেশব্যাপী কিশোর-কিশোরীদের প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। প্রধানমন্ত্রীর আগমন ঘোষণার সঙ্গে সঙ্গে গ্যালারিতে থাকা হাজারো শিশু-কিশোর করতালির মাধ্যমে তাকে স্বাগত জানায়।
সমাপনী দিনে অনুষ্ঠিত হচ্ছে ফুটবল ইভেন্টের বালক ও বালিকা বিভাগের দুটি ফাইনাল এবং বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টের দুটি ফাইনাল।
বিকেল ৩টায় অনুষ্ঠিত বালকদের ফুটবল ফাইনালে ময়মনসিংহ অঞ্চলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিলেট অঞ্চল। পরে বালিকাদের ফুটবল ফাইনালে মুখোমুখি হয় রাজশাহী ও রংপুর অঞ্চল।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রথমে মাঠে নেমে খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে গ্যালারির সামনে গিয়ে উপস্থিত শিশু-কিশোরদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
খেলা শুরুর পর প্রধানমন্ত্রী কিছু সময় ভিআইপি গ্যালারিতে অবস্থান করেন। পরে মাঠের পাশে গিয়ে খেলা উপভোগ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে গত ২ মে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’ শুরু হয়। সেদিন সিলেট জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতার আঞ্চলিক পর্বে জেলা ও উপজেলা পর্যায় থেকে প্রায় ১ লাখ ৭০ হাজার ক্ষুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। পরে সেরা প্রতিযোগীরা রাজধানীর বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত জাতীয় পর্বে অংশগ্রহণ করে।
এবারের আসরে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট—এই আটটি ইভেন্ট অন্তর্ভুক্ত ছিল। বিকেল ৫টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









