চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে তরুণদের চোরাচালানের ঝুঁকি থেকে ফিরিয়ে এনে আত্মনির্ভরশীল করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ৫৯ বিজিবি। বিজিবির ব্যবস্থাপনায় প্রথমবারের মতো চালু হয়েছে ‘সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টার’।
সোমবার (২৭ জুলাই) সকালে শিবগঞ্জ উপজেলার শাহবাজ ইউনিয়ন পরিষদের মিলনায়তনে ‘সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টার’র উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মাওলানা কেরামত আলী।
রাজশাহী সেক্টরের নির্দেশনায় পরিচালিত এই উদ্যোগে প্রথম ধাপে সীমান্তবর্তী এলাকার ২৫ জন বেকার যুবক অংশ নিচ্ছেন। চার সপ্তাহব্যাপী মোবাইল মেরামত প্রশিক্ষণের মাধ্যমে তাদের ডিজিটাল দক্ষতা অর্জন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চোরাচালানের মতো ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড থেকে ফিরিয়ে এনে আত্মনির্ভরশীল করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক রানা, অতিরিক্ত পুলিশ সুপার মো. একরামুল হক, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার কর্মকার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক উন্নয়নেও বিজিবির এই উদ্যোগ সীমান্তবাসীর জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









