মৌলিক স্বাক্ষরতা ও সংখ্যা জ্ঞান (এফএলএন) কর্মসূচির নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতার অভিযোগে পাবনার বেড়া উপজেলার ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান ও সহকারী শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বেড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। এর আগে গত রবিবার (২৬ জুলাই) বিকেলে তার স্বাক্ষরিত নোটিশ সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে পাঠানো হয়। এ ঘটনায় শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
শোকজ পাওয়া বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে—রূপগঞ্জ, আকনাই, কোমরপুর, শ্যামপুর, চর নতিবপুর, পুরান মাসুমদিয়া, নতুন মীরপুর, রতনগঞ্জ, ঢালারচর, খাস ঢালারচর, রাম নারায়ণপুর, মাসুমদিয়া কাজী পাড়া, মহিষাখোলা, দুর্গাপুর ও সিন্দুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
নোটিশে বলা হয়েছে, ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় গত ৩০ জুনের মধ্যে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা রিডিং, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের গণিতের চার নিয়ম—যোগ, বিয়োগ, গুণ ও ভাগ এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সাবলীল ইংরেজি রিডিং নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে নির্ধারিত লক্ষ্য অর্জিত হয়নি।
নোটিশে আরও উল্লেখ করা হয়, একাধিকবার নির্দেশনা ও তদারকি করা হলেও শিক্ষার্থীদের মৌলিক শিখন দক্ষতা অর্জনে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। এ কারণে দায়িত্বে অবহেলার অভিযোগে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষকদের লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
শোকজ পাওয়া কয়েকজন শিক্ষক জানান, শিক্ষক সংকট, অতিরিক্ত দাপ্তরিক কাজ, প্রত্যন্ত এলাকায় যাতায়াতের সমস্যা, শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি এবং অভিভাবকদের অসচেতনতার কারণে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন বাধাগ্রস্ত হয়েছে। এসব বিষয় উল্লেখ করে তারা শোকজের জবাব দেবেন।
বেড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, উপজেলার ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। প্রতিটি বিদ্যালয়ে তিন থেকে চারজন বা তারও বেশি শিক্ষক রয়েছেন। ফলে মোট কতজন শিক্ষক শোকজের আওতায় পড়েছেন, তা নথি যাচাই করে সুনির্দিষ্টভাবে বলা যাবে। শোকজের জবাব সন্তোষজনক না হলে পরবর্তী আইনগত ও দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









