প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা একক রাজনৈতিক দলের অর্জন নয়; এটি গণতন্ত্রকামী সব মানুষের সম্মিলিত আন্দোলনের ফল। তাই এ আন্দোলনের কৃতিত্ব এককভাবে দাবি করে অন্যদের অবদান খাটো করার চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
শনিবার (১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে ‘আমরা বিএনপি পরিবার’ এবং বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত ‘বুলেটের মুখে বাংলাদেশ, ফ্যাসিবাদের হলো শেষ’ শীর্ষক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
আতিকুর রহমান রুমন বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবরণ করেছেন এবং নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। একইভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নির্যাতন সহ্য করে দীর্ঘ দেড় দশক নির্বাসিত জীবন কাটিয়েছেন। তবে তারা কেউই নিজেদের ব্যক্তিগত ত্যাগকে আন্দোলনের একমাত্র কৃতিত্ব হিসেবে তুলে ধরেননি।”
তিনি বলেন, “নিজেকে প্রতিষ্ঠিত করার মধ্যে কোনো কৃতিত্ব নেই। বিএনপি কখনো দাবি করেনি যে, তারাই এককভাবে সব করেছে। যারা আজ একক কৃতিত্ব দাবি করছেন, জনগণ একদিন তাদের প্রত্যাখ্যান করবে এবং ইতিহাসও তাদের সে স্বীকৃতি দেবে না।”
বক্তব্যে জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকারও প্রশংসা করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব।
তিনি বলেন, “আন্দোলনের সময় অনেক সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে বিএনপির নেতাকর্মীদের সহযোগিতা করেছেন।”
তার ভাষ্য অনুযায়ী, অনেক সাংবাদিক নিজেদের মোটরসাইকেল ও গাড়িতে করে তাকে এবং বিএনপির অন্যান্য নেতাদের নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছেন। এ সহযোগিতার জন্য তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দেশের সংকটময় সময়ে গণমাধ্যমকর্মীদের এই অবদান জাতি স্মরণে রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









