পাবনার বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আমিন হোসেন (৩৫) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুরে বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খানের নেতৃত্বে বেড়া পৌরসভার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার বড়শিলা গ্রামের নিজ বাড়িতে ইয়াবা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয় অভিযুক্ত আমিনকে। তার নামে বেড়া থানায় আগেও ৮টি মাদক মামলা আছে। অভিযুক্ত আমিন ওই গ্রামের সোহরাব খানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধীকে এক বছরের কারাদণ্ড এবং একশো টাকা জরিমানা করেন। এ সময় বেড়া থানা পুলিশ সদস্যসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান বলেন, ‘‘মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সমাজকে মাদকমুক্ত করতে আমরা সর্বক্ষণ কঠোর অবস্থানে রয়েছি বলে তিনি এ প্রতিবেদককে জানান।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









