পুলিশের ব্যবহৃত যানবাহনকে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনের নিরাপত্তা জোরদারে মাঠপর্যায়ের সব ইউনিটকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অপারেশন্স কন্ট্রোল থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, পুলিশের যানবাহনের নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা শিথিলতা গ্রহণযোগ্য হবে না। বিশেষ করে দায়িত্ব পালনের সময় এবং ডিউটি শেষে পার্কিং করা যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
বার্তায় আরও বলা হয়, দায়িত্বে থাকা কোনো যানবাহন সাময়িকভাবে থামানোর প্রয়োজন হলে তা অবশ্যই নিরাপদ স্থানে রাখতে হবে। পাশাপাশি চালক বা দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখতে হবে। কোনো অবস্থাতেই চালক বা সংশ্লিষ্ট সদস্য ছাড়া পুলিশি যানবাহন ফেলে রাখা যাবে না।
এ ছাড়া থানা, পুলিশ লাইন্স, অফিস কম্পাউন্ডসহ নির্ধারিত স্থানে রাখা সরকারি যানবাহনের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসব স্থানে নিয়মিত টহল, নজরদারি বৃদ্ধি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে।
পুলিশ সদর দপ্তর নির্দেশনাটিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিটের কর্মকর্তাদের তা কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









