৫ আগস্টকে কেন্দ্র করে কোনো ধরনের বড় তৎপরতা চালানোর সক্ষমতা নিষিদ্ধ আওয়ামী লীগের নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দলটির নেতাকর্মীরা বিদেশে অবস্থান করে মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিচ্ছেন।
সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উগ্রবাদী গোষ্ঠী ও সন্ত্রাসীরা যাতে কোনোভাবে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ নিয়ে সরকারের পক্ষ থেকে কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে।
তিনি জানান, বেনজীর আহমেদের জামিন বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সরকার নিয়োজিত একটি আইন প্রতিষ্ঠান কাজ করছে এবং প্রয়োজনীয় নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বেনজীর আহমেদের জামিন বাতিল ও তাকে দেশে ফিরিয়ে আনতে দুবাইয়ে বাংলাদেশের দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। এ বিষয়ে সরকার কূটনৈতিক ও আইনি—দুই পথেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









