২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে সংসদ সচিবালয়ের কাছে সংসদ সদস্যদের তালিকা চেয়েছে কমিশন। ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ও তফসিল নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
সোমবার (৩ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ‘ভোটার তালিকার জন্য সংসদ সচিবালয়ের কাছে অনুরোধ করেছি, যেন তারা ভোটার তালিকাটি দেয়। ভোটার তালিকা পাওয়ার পরে রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এবং তফসিল নিয়ে আলোচনা হবে।’
গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তার পদ শূন্য হওয়ার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি নির্বাচনে শুধু সংসদ সদস্যরা ভোট দিয়ে থাকেন। তাই সংসদ সদস্যদের তালিকা পাওয়ার পর সেটিকে ভিত্তি করে ভোটার তালিকা প্রস্তুত ও প্রকাশ করবে কমিশন।
জাতীয় পরিচয়পত্র সংশোধনের বিষয়ে ইসি সচিব বলেন, এ বিষয়ে একটি কমিটি করা হয়েছে। তবে কমিটির সুপারিশ এখনো চূড়ান্ত হয়নি। তিনি জানান, বিষয়টি নিয়ে বিস্তৃত কাঠামোতে আলোচনা হয়েছে, তবে কোন কোন বিষয় যাচাই করা হবে, সে বিষয়ে মানসম্মত কার্যপদ্ধতি এখনো তৈরি হয়নি।
জন্মতারিখ সংশোধনের আবেদন নিয়ে তিনি বলেন, সম্প্রতি একজন ব্যক্তি জন্মতারিখ সংশোধনের জন্য আবেদন করেছেন। তার কাঙ্ক্ষিত জন্মতারিখ অনুযায়ী হিসাব করলে দেখা যায়, তিনি সাত বছর চার মাস বয়সে ভোটার হয়েছেন। এত কম বয়সে ভোটার হওয়ার বিষয়টি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
সব ধরনের নথিতে তথ্যের সামঞ্জস্য থাকার ওপরও গুরুত্ব দেন ইসি সচিব। তিনি বলেন, পাসপোর্ট ভ্রমণের নথি, জাতীয় পরিচয়পত্র জাতীয় পরিচয়ের নথি এবং জন্ম ও মৃত্যু নিবন্ধনের সনদ আলাদা নথি হলেও এসব নথির তথ্যের মধ্যে সামঞ্জস্য থাকা প্রয়োজন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









