ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা, চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর (সিএমবিসি) এবং অন্যান্য যৌথ উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন নিয়ে চীন আশাবাদী। এসব প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশ-চীন কৌশলগত সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে তিনি মন্তব্য করেন।
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে অনুষ্ঠিত ‘কম্পারেটিভ গভার্নেন্স ফোরাম-২০২৬’ শীর্ষক যৌথ প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
ইয়াও ওয়েন বলেন, জুন মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হয়েছে। ওই সফরে বাংলাদেশ ও চীন দ্বিপক্ষীয় কৌশলগত সহযোগিতা আরও বিস্তৃত করার অঙ্গীকার করেছে।
তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা, চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডরসহ বিভিন্ন যৌথ উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা নতুন মাত্রা পাবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বক্তব্য দেন। এ সময় স্বাগত বক্তব্য রাখেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









