রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন যানবাহন ও চালকের বিরুদ্ধে ১ হাজার ৫৯২টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই অভিযানে ৪৫১টি যানবাহন ডাম্পিং এবং ৩৪৮টি যানবাহন রেকার করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার (২ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে এসব মামলা করা হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগে ১১৪টি, লালবাগে ১৩৬টি, মতিঝিলে ২৬৮টি, ওয়ারীতে ১২৮টি, তেজগাঁওয়ে ২২২টি, মিরপুরে ২৫৯টি, উত্তরায় ২৬১টি এবং গুলশানে ২০৪টি মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া ৪৫১টি যানবাহন ডাম্পিং এবং ৩৪৮টি যানবাহন রেকার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









