জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত প্রস্তাব বাস্তবায়নে সংবিধান সংশোধনের প্রক্রিয়া বিরোধী দল ছাড়াই সংবিধান সংশোধনের কাজ শুরু হচ্ছে। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের যেসব দাবি বিরোধী দল করছে, তা উপেক্ষা করে গঠিত সংসদের ‘সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি’র প্রথম বৈঠক বসছে। সংস্কারের দাবিতে অনড় রয়েছে জামায়াতে ইসলামী, এনসিপির জোট কমিটিতে অংশ নেয়নি।
মঙ্গলবার (৪ আগস্ট) সংসদ ভবনের কেবিনেট কক্ষে বেলা ১২টায় অনুষ্ঠেয় এ বৈঠকে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
১৩ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে সভাপতি করে ১২ সদস্যের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করে জাতীয় সংসদ। বিরোধী দল থেকে এই কমিটিতে ৫ জনের নাম দেওয়ার অনুরোধ করেছিল সরকারি দল।
সংশোধন নয়, গণভোটের ফল অনুযায়ী সংস্কারের দাবি করা বিরোধী দল কারো নাম দেয়নি। কমিটি গঠনের দিন ওয়াকআউটও করে। সেদিন বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির শফিকুর রহমান সংসদে বলেছিলেন, এ ধরনের কমিটি গঠনের বিষয়ে তাদের ধারণাগত মতপার্থক্য আছে। তারা সংবিধান সংস্কার চান।
জামায়াত কমিটি বর্জন করলেও গণভোটের ফল অনুযায়ী সংস্কারের দাবি জানানো চরমোনাইয়ের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন কমিটিতে অংশ নিতে যাচ্ছে। দলটির একমাত্র সংসদ সদস্য (এমপি) মো. অলি উল্লাহ কমিটির সদস্য। যদিও আগে তিনি জানিয়েছিলেন, তার অজ্ঞাতে সদস্য করা হয়েছে।
সোমবার রাতে দলটির প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ গণমাধ্যমকে বলেন, সংস্কারের দাবি নিয়েই ইসলামী আন্দোলন কমিটিতে যাচ্ছে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতেও অনড় রয়েছে। কমিটির প্রতিবেদনে ইসলামী আন্দোলনের এই মতামত যেন থাকে, সেজন্যই কমিটিতে যাওয়া।
সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী বিশেষ কমিটি সংবিধানের প্রয়োজনীয় সংশোধনে সুপারিশসহ প্রতিবেদন দেবে। কত দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে, তা নির্ধারণ করে দেওয়া হয়নি।
গণভোটে অনুমোদিত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী এগুলো সংবিধান সংস্কার পরিষদ গঠন করে ১৮০ দিনের মধ্যে কার্যকর করা বাধ্যতামূলক। জামায়াত জোটের এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেও বিএনপির এমপিরা তা করেননি। এ কারণে জামায়াত বারবার সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি তুললেও তা আর বাস্তবায়নের সম্ভাবনা নেই।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর জন্য ২০১০ সালে গঠিত সংসদের বিশেষ কমিটিতে যোগ দেয়নি তৎকালীন বিরোধী দল বিএনপি। আওয়ামী লীগের গঠিত ১৫ সদস্যের ওই কমিটিতে জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি এবং জাসদের একজন করে এমপি ছিলেন।
তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষে অবস্থান নেন। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) তথ্য অনুযায়ী, এতে কমিটির ১৫ সদস্য আগেই অবস্থান বদলে ফেলেন। সর্বসম্মতিক্রমে সুপারিশ করেন তত্ত্বাবধায়ক সরকার বিলোপে।
এই উদাহরণ দিয়ে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে বলেন, বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে গণভোটকে অস্বীকার করছে। প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা না করার নজির দেখিয়েছে অধ্যাদেশ যাচাই-বাছাই কমিটিতে। তাই সংবিধান সংশোধন কমিটিতে যাওয়া অর্থহীন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









